বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কারা নির্যাতিত হয়ে দেশে ফিরে আসা প্রবাসীদেরকে পুনর্বাসনের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গতকাল সোমবার প্রদত্ত বিবৃতিতে বলেন,“জুলাই ২০২৪ এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীরা কর্মসূচি পালন করেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি ও নিজস্ব মতামত তুলে ধরে প্রবাসীদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখেন। মধ্যপ্রাচ্য বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীগণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ব্যাপক মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। তারা এক পর্যায়ে সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য রেমিট্যান্স বন্ধের কর্মসূচি পালন করেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলনরত অনেক প্রবাসীকে গ্রেফতার করা হয় এবং রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে সাজা দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশে আওয়ামী লীগের দোসররা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্তদের তালিকা করে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে এবং তাদের অনেককে গ্রেফতার করার পর বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
তিনি আরও বলেন, স্বৈরাচারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে কয়েকশত প্রবাসী মুক্ত হয়ে বাংলাদেশে ফেরত আসতে সক্ষম হন। এ সব প্রবাসীগণ অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের আন্দোলন দেশে-বিদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনকে শক্তিশালী করে। তারা যেহেতু আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাই তাদের অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
তিনি বলেন, যারা বিদেশ যেতে চান, তাদেরকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা, যাদের দেশে চাকরি দেওয়ার সুযোগ আছে, যোগ্যতানুযায়ী তাদের চাকরির ব্যবস্থা করা, যারা ব্যবসা করতে ইচ্ছুক তাদেরকে আর্থিক সহযোগিতা করে ব্যবসার সুযোগ করে দেওয়া ও বয়স্কদের বিভিন্ন প্রকার সরকারি ভাতার আওতায় এনে পুনর্বাসনের কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।
এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি করায় জামায়াতের গভীর উদ্বেগ প্রকাশ : এলপিজি গ্যাসের দাম ১৯ টাকা বৃদ্ধি করায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গতকাল সোমবার নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, এলপিজি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বৃদ্ধি করায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে দরিদ্র জনগণের জীবন ধারণ অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। উপরন্তু এলপিজি গ্যাসের দাম ১৯ টাকা বৃদ্ধির ফলে দরিদ্র জনগণের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ল। এলপি গ্যাসের দাম বৃদ্ধিতে সীমিত আয়ের দরিদ্র জনগণের ওপর ‘বোঝার ওপর শাকের আঁটি’ চাপিয়ে দেয়ার শামিল। এ সিদ্ধান্ত গ্রহণের আগে সরকারের অবশ্যই সীমিত আয়ের দরিদ্র জনগণের স্বার্থের কথা বিবেচনা করা উচিত ছিল। সরকারের এ অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্তের ফলে দরিদ্র জনগণের ভোগান্তি ও দুঃখ-কষ্ট আরও বাড়বে।
দেশের সীমিত আয়ের দরিদ্র জনগণের স্বার্থের কথা বিবেচনা করে এলপিজি গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।