ভোক্তাপর্যায়ে মে মাসের জন্য এলপি গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ লিটার সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকা থেকে ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল রোববার নতুন এ মূল্যের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

কমেছে অটোগ্যাসের দামও। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৪১ পয়সা থেকে কমিয়ে ৬৫ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ৮৪ পয়সা কমানো হয়েছে। এর আগে, গত এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে নির্দেশনা জারি করে বিইআরসি।

গত ৩ মার্চ ওই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ হাজার ৪৭৮ টাকা।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, মে মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৪৫০ টাকা থেকে ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারি সাড়ে ১২ কেজির বোতলজাত এলপিজির নতুন দর ৮২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমেছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪১ পয়সা থেকে কমিয়ে ৬৫ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, মে মাসের জন্য সৌদী আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদী সিপি প্রতি টন যথাক্রমে ৬১০ মার্কিন ডলার ও ৫৯০ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদী সিপি প্রতি মেট্রিক টন ৫৯৭ মার্কিন ডলার বিবেচনায় মে মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হলো।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদী আরামকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি। ২০২১ সালের এপ্রিল থেকে প্রতি মাসে দাম সমন্বয় করে আসছে বিইআরসি।