তীব্র গণআন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ‘দেশে ফিরিয়ে আনতে’ আওয়ামী লীগের নেতা-কর্মীদের ‘সর্বাত্মক প্রস্তুতি নিয়ে’ ঢাকায় আসার পরিকল্পনার কথা জানতে পারার কথা বলছে একটি গোয়েন্দা সংস্থা।

আওয়ামী লীগের এমন ‘সরকার বিরোধী কার্যকলাপ’ প্রতিরোধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব থানায় একগুচ্ছ নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। চট্টগ্রাম পুলিশের সব থানার ওসিদের গত বুধবার পাঠানো ওই ‘জরুরি বিশেষ বার্তা’র একটি চিঠির অনুলিপি দৈনিক সংগ্রামের হাতে এসেছে। ওই চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন চট্টগ্রাম পুলিশের একাধিক কর্মকর্তা, তবে তারা নাম প্রকাশ করতে চাননি।

চিঠির বিষয়ে বিস্তারিত জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল সরাসরি মন্তব্য না করে বলেন, আপনারা যাচাই করে দেখেন।

চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে ২০০/২৫০ জন তৃণমূল নেতাকর্মীকে আগামী এক সপ্তাহের মধ্যে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ঢাকায় আসার জন্য নির্দেশনা প্রদান করেছে মর্মে গোপন সূত্রে জানা যায়। চিঠিতে আট দফা নির্দেশনা দিয়ে গতিবিধি পর্যবেক্ষণ করে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা করতে বলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন ও নৌ-ঘাট, রেল স্টেশন ও বাসস্ট্যান্ডে নজরদারির পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের (বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি) সহযোগিতা নিয়ে ঢাকামুখী কার্যক্রম প্রতিহত করার নির্দেশ দেওয়া হয়েছে সেখানে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সাইট পর্যালোচনা করে গ্রেপ্তার, অর্থদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং ভাড়ায় চালিত মাইক্রোবাস/প্রাইভেট কার স্ট্যান্ডগুলোতে নজরদারি করতে বলা হয়েছে। এসব নির্দেশনার আলোকে প্রতিনিয়ত ২৪ ঘণ্টার (রাত ১২টা থেকে পরবর্তী রাত ১২টা পর্যন্ত) গ্রেপ্তারের তথ্য সকাল ৬টার মধ্যে পুলিশ কন্ট্রোলরুমে পাঠাতে হবে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

চিঠিতে একটি ছকের নমুনা দিয়ে সে অনুযায়ী ইউনিটের নাম, মামলায় গ্রেপ্তারের সংখ্যা, চেকপোস্টের সংখ্যা ও তল্লাশির মাধ্যমে আটক সন্দেহভাজন ব্যক্তির সংখ্যা উল্লেখ করে মন্তব্যসহ তথ্য সরবরাহ করতে বলা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন, “কোনো গোয়েন্দা সংস্থা চিঠি দিয়েছে কি-না বিষয়টি আমার এই মুহূর্তে মনে নেই। তবে নাশকতাকারী যেই হোক, সে যেই সংগঠনেরই হোক তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। কে কি বলল, কি বলল না সেটা বিষয় না। নাশকতাকারীদের বিরুদ্ধে আমরা সবসময়ই তৎপর রয়েছি। কোন সংগঠনের নাম দিয়ে অন্য কেউওতো নাশকতা করতে পারে, বিশৃঙ্খলার চেষ্টা করতে পারে। তাই সংগঠন কোনো বিষয় না। নাশকতাকারীদের বিরুদ্ধে আমরা সবসময়ই তৎপর রয়েছি।