মুহাম্মদ নূরে আলম : শহীদ নাসির ইসলাম ২০০৪ সালে কাউনিয়া, রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। ঢাকার অন্যতম প্রসিদ্ধ প্রতিষ্ঠান ঢাকা তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। জুলাই-আগস্ট গণবিপ্লবের সময় গাজীপুরের টঙ্গীতে শনিবার ২০ জুলাই ২০২৪ পুলিশের বুলেটে তিনি শহীদ হন। এর মাধ্যমে শহীদ নাসির ইসলামের আল্লাহর দ্বীনের দাওয়াতী কাজের জন্য নিজেকে দা’য়ী হিসেবে গড়ে তোলার স্বপ্ন পূরণ হলো না। শহীদ নাসির ইসলাম ছিলেন এক সাহসী যোদ্ধা, যিনি তার জীবন দিয়ে বাংলাদেশে স্বাধীনতার একটি অমর ছাপ রেখে গেছেন। গাজীপুরের কোনাবাড়ির বাসিন্দা নাসির ইসলামের মনোভাব ছিল দেশের স্বাধীনতার প্রতি অগাধ ভালোবাসা, তা তিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেলেন। তা’মিরুল মিল্লাত মাদরাসার শিক্ষার্থী আলেম শহীদ নাসির ইসলামের আত্মত্যাগের বিনিময়ে ইতিহাসের কুখ্যাত স্বৈরাচার ও গণহত্যাকারী শেখ হাসিনার দুঃশাসন থেকে মুক্ত হয় বাংলাদেশ। জুলাই-আগস্টের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলাকালে তিনি পুলিশের গুলীতে গুরুতর আহত হন। কুর্মিটোলা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়, তবে তার আত্মত্যাগ দেশের ইতিহাসে অম্লান হয়ে থাকবে। নাসির ইসলামের শাহাদাৎ আজকের স্বাধীন বাংলাদেশের ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার সংগ্রাম ও ন্যায়ের প্রতি অবিচল মনোভাব আজও আমাদের প্রেরণা জোগায়। তাকে হারানো যন্ত্রণা অপরিমেয় হলেও, আমরা তার আদর্শে চলতে শিখি। তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন এক অবিচল প্রেরণার প্রতীক হিসেবে।
নতুন প্রজন্মের কিংবদন্তী: শনিবার (২০ জুলাই ২০২৪) সন্ধ্যা ৬টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টঙ্গী ক্যাম্পাস থেকে একটু সামনে এশিয়া পাম্পের সামনে পুলিশ রাবার বুলেট ও গুলী ছুড়তে থাকে। এ সময় নাসির গুলীবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রাস্তায়। কিছুক্ষণের মধ্যেই সেখানেই শাহাদাতবরণ করেন। শহীদ নাসির ইসলাম দেশের জন্য বিনাস্বার্থে এভাবে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়ায় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী’র পকেট গেটের নতুন নামকরণ করা হয় শহীদ নাসির গেট। আল্লাহ তায়ালা শহীদ নাসির ইসলাম ভাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।
শহীদ নাসির পাঠাগারের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে ১ লক্ষ টাকা প্রদান: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলীতে শহীদ নাসির ইসলামের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। এ সময় শহীদের স্মরণে পাঠাগার নির্মাণের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা প্রদান করা হয়। এ সময় ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চিরদিনের ছুটিতে শহীদ নাসির ইসলাম: শহীদ নাসির ইসলামের একজন সহকর্মী ফেইসবুকের এক পোস্টে লেখেন, ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাক পুরো জাতি, কিভাবে মানুষ মরেছে অকালে কিভাবে কেটেছে রাতি! ২০২৪ এর আগস্ট মাসের হাজিরা খাতা। শহীদ নাসির ইসলামকে অনুপস্থিতির কারণ দর্শাতে হবে না আর। - আর পরের মাস?
-আরও পরের মাসে হাজিরা খাতা থেকে শহীদ নাসির ইসলামের নামটা কাটা যাবে চিরদিনের জন্য। শুধু রয়ে যাবে তার স্মৃতি আর রয়ে যাবে নাসিরের হাসিমাখা মুখ। এভাবেই একদিন নাসিরের বেঞ্চের বসার জায়গায় অন্য একজন নাসির বসবে।
আন্দোলনে পুলিশের গুলীতে শহীদ নাসির ইসলামের সহপাঠী মুন্না নামে একজন ফেইসবুকে এক পোস্টে বলেন, অনুপস্থিতির জন্য আর তোমাকে পানিশমেন্ট দেয়া হবে না ভাই!
৬ আগস্ট ২০২৪ মঙ্গলবার তা’মিরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী ক্যাম্পসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিল্লাতের শহীদ নাসির ইসলাম, শাকিল এবং পারভেজসহ সারাদেশের সকল ভাইদের গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।