গ্রাহক ও ব্যবসায়ীনেতাদের তীব্র আপত্তির পরও বাড়ল শিল্প গ্যাসের দাম। নতুন শিল্পের জন্য গ্যাসের দাম বাড়ানো হয়েছে ৩৩ শতাংশ। প্রতি ইউনিটে ১০ টাকা বাড়তি দিতে হবে তাদের। পুরোনো শিল্পকারখানায় অনুমোদিত লোডের বাইরে অতিরিক্ত ব্যবহারে দিতে হবে বাড়তি দাম। প্রতিশ্রুত শিল্প গ্রাহকদের অনুমোদিত লোডের ৫০ শতাংশের বেশি ব্যবহারে বাড়তি দাম দিতে হবে।
গতকাল রোববার গ্যাসের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রাজধানীর কারওয়ান বাজারে এক প্রেস ব্রিফিংয়ে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ গ্যাসের নতুন দাম বাড়নোর বিষয়টি জানান। চলতি মাসের গ্যাসের নতুন দাম কার্যকরের কথা জানান তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মিজানুর রহমান, সৈয়দা সুলতানা রাজিয়া, আব্দুর রাজ্জাক ও শাহীদ সারোয়ার।
বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, দেশের গ্যাস কমার সঙ্গে সঙ্গে এলএনজি আমদানি বাড়তে থাকে। এলএনজির বাড়তি দাম দিতে গিয়ে চাপে পড়ে পেট্রোবাংলা। তারা ১৫০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছিল। তবে গণশুনানিতে বেশির ভাগ অংশগ্রহণকারী দাম বাড়ানো নিয়ে আপত্তি জানিয়েছিল।
দাম বাড়ানো হলেও এর পক্ষে যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেনি বিইআরসি। মূল্যবৃদ্ধিতে সরকার কত টাকা বাড়তি আয় করবে, তা জানে না কমিশন। সাধারণত কোম্পানিগুলোর রাজস্ব চাহিদা হিসাব করে বিইআরসি। এরপর ঘাটতি পূরণে সরকার ঘোষিত ভর্তুকির ভিত্তিতে মূল্য সমন্বয় করা হয়।
কিসের ভিত্তিতে দাম বাড়ানো হলো এমন প্রশ্নের জবাবে বিইআরসির চেয়ারম্যান বলেন, রাজস্ব চাহিদা ধরলে দাম অনেক বেশি বাড়াতে হতো। তাই ভোক্তার জন্য সহনীয় রাখতে ৩৩ শতাংশ বাড়ানো হয়েছে। এ ক্ষেত্রে ভর্তুকিরও হিসাব করা হয়নি।
রাজস্ব চাহিদা যাচাই ছাড়া এভাবে মূল্যবৃদ্ধি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পরামর্শে করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, মন্ত্রণালয়ের প্রেসক্রিপশনে করা হয়নি।
নতুন ও পুরোনো শিল্পে আলাদা দাম রেখে যে বৈষম্য তৈরি করা হয়েছে, এটা আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে কি না; এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, বিইআরসির আইনি আওতার মধ্যে থেকেই দাম নির্ধারণ করা হয়েছে। এতে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি প্রসঙ্গে তিনি বলেন, বিনিয়োগ কমার বিষয়টা এখনই বলা যাবে না। নতুন বিনিয়োগে প্রভাব পড়বে কি না, তা নজরে রাখা হবে। নতুন যারা আসবে, তারা যদি দেখে তাদের পোষাবে, তাহলে তারা আসবে। তারা বিকল্প জ্বালানিও ব্যবহার করতে পারে।
দাম ঘোষণার সময় বলা হয়, শুনানিতে অংশগ্রহণকারীরা মূল্যবৃদ্ধির বিরোধিতা করে ‘সিস্টেম লস’ কমাতে বলেছিল। এটা দ্রুত কমানো খুব কঠিন। এ নিয়ে তাগাদা দেওয়া হয়েছে। এখন থেকে সব কোম্পানির আর্থিক প্রতিবেদন মূল্যায়ন করা হবে। পেশাদার নিরীক্ষক নিয়োগ করে আয়-ব্যয়ের যথার্থতা যাচাই করা হবে। এ ছাড়া দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি আমদানি বাড়াতে বলা হয়েছে।
বিইআরসির আদেশ বলছে, শিল্পে উৎপাদিত নিজস্ব বিদ্যুৎকেন্দ্রে (ক্যাপটিভ) ব্যবহৃত গ্যাসের দাম ছিল ৩১ টাকা ৫০ পয়সা। এটি বেড়ে হয়েছে ৪২ টাকা। আর শিল্প সংযোগে গ্যাসের দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৪০ টাকা। নতুন এ দাম আজ থেকেই কার্যকর হবে। ১৩ এপ্রিল এর পরে যত গ্যাস–সংযোগ অনুমোদন করা হবে, তাদের বাড়তি দাম দিতে হবে। এর আগপর্যন্ত যেসব সংযোগ আবেদনের চাহিদাপত্র ইস্যু করা হয়েছে, তাদের ক্ষেত্রে ৫০ শতাংশের বেশি ব্যবহারে নতুন দাম। আর পুরোনো শিল্প গ্রাহকেরা অনুমোদিত লোডের বাইরে যতটুকু ব্যবহার করবেন, ততটুকুর নতুন দাম দিতে হবে।
এর আগে নিরবচ্ছিন্ন সরবরাহের কথা বলে ২০২৩ সালের জানুয়ারিতে শিল্পে ১৫০ থেকে ১৭৮ শতাংশ পর্যন্ত বাড়ানো হয় শিল্পে গ্যাসের দাম। শিল্প ও ক্যাপটিভে প্রতি ইউনিটের দাম করা হয় ৩০ টাকা। পরে গত বছর ক্যাপটিভে দাম বাড়িয়ে করা হয় ৩১ টাকা ৫০ পয়সা।
মাঝারি শিল্প খাতে গ্যাসের দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। যদি কোনো ভোক্তা পূর্বের অনুমোদিত লোডের চেয়ে ৫০ শতাংশের বেশি ব্যবহার করেন, তবে অতিরিক্ত ১০ টাকা হারে গ্যাসের মূল্য বাড়বে।
এর আগে বিদ্যমান গ্রাহকদের দর (শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১ দশমিক ৭৫ টাকা) অপরিবর্তিত রেখে নতুন ও প্রতিশ্রুত গ্রাহকদের দাম বাড়ানোর প্রস্তাব করে পেট্রোবাংলা। প্রস্তাবের ওপরে গত ২৬ ফেব্রুয়ারি একটি গণশুনানি হয়। সেখানে পেট্রোবাংলার দাবি ছিল, দাম না বাড়ালে বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকার ঘাটতি দেখা দিতে পারে। তবে সে সময় পেট্রোবাংলার ওই দাবির বিরুদ্ধে সংশ্লিষ্ট অংশীজনেরা প্রতিবাদ জানান।
এদিকে শিল্পখাতে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে হতাশ হয়েছেন শিল্প মালিকরা। এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত শিল্পের জন্য আত্মঘাতী বলছেন ব্যবসায়িরা। শিল্প না বাঁচলে কর্মসংস্থান হবে না। শ্রমিকরা বেকার হবেন। শ্রম অসন্তোষ হবে। এতে দেশের অর্থনীতি টেকসই হওয়ার বদলে একটা চাঁদাবাজির মডেলে রূপান্তর হবে বলেন মন্তব্য করেন অনেকে।
ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. শামসুল আলম বলেন, গ্যাসের দাম বাড়ানো ফলে ভোক্তাদের সুরক্ষা না দিয়ে আগের মতো সেই লুন্ঠনমূলক ব্যয়ের অভিযোগের দায়ভার কাঁধে তুলে নিলেন বলে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, এর আগে গণশুনানিতে আমরা হিসেব করে দেখিয়ে দিয়েছি দাম কমানো যায়। বিগত সরকার যেসব লুন্ঠনমূলক ব্যয় বাড়িয়ে দিয়েছে। এসরকার একই পথে হেটেছে বলে মনে হচ্ছে।
বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদ বলেন, এই উদ্যোগ শিল্পায়নকে ব্যাহত এবং নতুন বিনিয়োগে বাধা সৃষ্টি করে দেশের কর্মসংস্থানকে সংকুচিত করবে। এ ছাড়া সাম্প্রতিক সংকটের কারণে শ্রমিক অসন্তোষ, বেতন-বকেয়া এবং কারখানা বন্ধ হওয়ার ফলে শিল্প খাত আরও সংকটের দিকে ধাবিত হবে। গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তে শিল্পোদ্যোক্তারা আরও গভীর সমস্যার সম্মুখীন হবেন, যা দেশের শিল্পক্ষেত্রের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
গার্মেন্টস মালিক ফজলুল হক জানান, গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় পণ্য উৎপাদন খাতে ব্যয় বৃদ্ধি পাবে এবং এতে প্রতিযোগিতা সক্ষমতা কমে যাবে। ফলে নতুন বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও বলেন, গ্যাসের দাম বৃদ্ধিতে সিমেন্ট, ইস্পাত, সিরামিকসহ অনেক খাতেই আমদানিনির্ভরতা বাড়বে, যা দেশের আর্থিক খাতে চাপ সৃষ্টি করবে।
বিকেএমইএর সাবেক একজন পরিচালক জানান, গ্যাসের দাম বৃদ্ধি অনেকটা দেশের শিল্পের সঙ্গে ষড়যন্ত্র এবং আত্মঘাতী সিদ্ধান্ত। দেশের রপ্তানিতে বড় অংশীদার বস্ত্র ও তৈরি পোশাক শিল্প। দেশি-বিদেশি নানা চক্রান্তে কোনো কোনো শিল্পপ্রতিষ্ঠানে বেতনের সমস্যা রয়েছে। তার ওপর গ্যাস ও বিদ্যুতের সমস্যা যোগ হলে শিল্পকারখানা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। গ্যাসের বর্ধিত দাম শিল্পের জন্য খুবই কঠিন হবে।