মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাটঘর তেওতা গ্রামের যুবক জুলহাস মোল্লার নিজের তৈরি আরসি বিমান মেরামতে আর্থিক সহযোগিতা দিয়েছেন বিএনপি। গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ সহযোগিতা প্রদান করা হয়।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জুলহাসরা তাদের মেধার বিকাশ ঘটানোর সুযোগ রাষ্ট্রীয়ভাবে পায় না। কিন্তু এই রকম জুলহাসরা সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে আছে। গ্রাম অঞ্চলে এই রকম মেধাবীরা রয়েছে, যারা নিজেদের বিকশিত করতে পারে না। তিনি বলেন, জুলহাসের মতো মেধাবীদের খুঁজে পেলে আমাদের জানাবেন। যারা রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত, তাদের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহযোগিতা করবেন।

জুলহাস মোল্লা তাকে সহযোগিতা করার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি সবসময় তারেক রহমানের কাছে কৃতজ্ঞ থাকব।

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, জুলহাস যখন বিমানটি তৈরি করেছিল, তখন আমরা তারেক রহমানের নির্দেশে ছুটে গিয়েছিলাম। তখন আমরা তাকে উৎসাহ দিয়েছিলাম। একই সঙ্গে কথা দিয়েছিলাম জুলহাস মোল্লার পাশে সবসময় থাকব। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আফরোজা খান রিতা।