কক্সবাজারের কুতুবদিয়া-মগনামা নৌরুটে ফেরি সার্ভিস চালুর লক্ষ্যে উভয় প্রান্তে সংযোগ সড়ক নির্মাণের দাবিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানানো হয়েছে। সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বরাবর একটি লিখিত আবেদন দিয়েছেন সাবেক সংসদ সদস্য উপকূলীয় উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

আবেদনে উল্লেখ করা হয়, কুতুবদিয়া দ্বীপবাসীর যাতায়াত ব্যবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য। প্রতিদিন নারী, শিশু, বয়স্ক ও রোগীরা ছোট ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোটে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। বৈরী আবহাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এক হৃদয়বিদারক ঘটনায়, এক গর্ভবতী মা স্পিডবোটেই সন্তান প্রসব করেন, যা মানবিক বিপর্যয়ের বাস্তব চিত্র তুলে ধরে।

তিনি আরও জানান, ইতোমধ্যে সীতাকুণ্ড-সন্দ্বীপ এবং মহেশখালীতে ফেরি ও সী-ট্রাক সার্ভিস চালুর সুফল পাওয়া যাচ্ছে। একইভাবে কুতুবদিয়া-মগনামা ফেরি চালু হলে কৃষি, মৎস্য, শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটনসহ সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে দ্বীপের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং ধর্মীয় পর্যটকদের জন্য যাতায়াত সহজতর হবে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইতোমধ্যে প্রকল্পের বিষয়ে আশ্বাস দিয়েছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়। দ্বীপবাসীর পক্ষ থেকে কুতুবদিয়া-মগনামা ফেরি সার্ভিস চালু ও দ্রুত সংযোগ সড়ক নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।