অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ কর্তৃক প্রকাশিত ১৫টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গতকাল বুধবার অমর একুশে বইমেলার মোড়ক উম্মোচন মঞ্চে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বুক সোসাইটির পরিচালক (প্রশাসন) অ্যাডভোকেট এস. এম. কামাল উদ্দিন-এর সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ বুক সোসাইটির পরিচালক (হিসাব) প্রফেসর এ টি এম ফজলুল হল, কবি ও সংগঠক মাহমুদুল হাসান নিজামী, শিশুসাহিত্যিক শরীফ আবদুল গোফরান, অধ্যাপক মো: ছফিউল্লাহ মাহমুদী, ড. আ ই ম নেছার উদ্দিন, আলী মাহমদ মাবরুর, ড. রফিক রইচ, ড. মুহাম্মদ আরিফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বুক সোসাইটির ব্যবস্থাপক মো: হাবিবুর রহমান।

প্রকাশিত নতুন গ্রন্থগুলো হলো- অমর কাহিনী, ছোটদের ইমাম আবু হানিফা (র), ফিলিস্তিনে মানবতার কান্না, চাঁদের হাসিতে কান্না ঝড়ে, কুরআন নাযিলের উদ্দেশ্য, মুমিনের দায়িত্ব ও তিলাওয়াতের সঠিক পদ্ধতি, মানাকিবে আহলে বাইত, সিরাতে রাহমাতুল্লিল আলামিন, কুরআন নিয়েই ছিল পথচলা যাদের, কুরআন ও সুন্নাহর আলোকে মাসনূন দোয়া ও আমল, পঙ্কিলতার অবগাহণ, দেশে দেশে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার মুসলিম উম্মাহ, লাল জুলাইয়ের গল্প, ছোটদের পরিবেশ ও প্রাণীকথা, জ্ঞানী রাজা সুলায়মান, আগুনের ফুলকি ইত্যাদি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি একটি প্রাচীন ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জাতির মেধা ও মনন বিকাশে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতির নীতি-নৈতিকতার পদস্খলন হওয়া থেকে পরিত্রাণ দিতে ভালো বই প্রকাশ করা ব্যতীত অন্য কোন বিকল্প নেই। বুক সোসাইটি সেই কাজটিই করছে। অনুষ্ঠানে উপস্থিত লেখকবৃন্দ জাতিকে আলোকিত করতে এবং সত্যের পথে অবিচল রাখতে কলম ধরার জন্য আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।