স্টাফ রিপোর্টার : রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সংযুক্ত থাকা ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার সন্ধ্যায় তাকে ডিবি হেফাজতে নেয়ার তথ্য দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তবে তাকে সুনির্দিষ্ট কোন অভিযোগে এবং কোথা থেকে আটক করা হয়েছে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাননি তিনি।
সরকার বদলের প্রেক্ষাপটে ছাত্র-জনতার গণআন্দোলনে বল প্রয়োগের অভিযোগে পুলিশের আলোচিত অনেক সদস্যদের বিরুদ্ধে সারাদেশে হত্যা মামলা হয়েছে। এরইমধ্যে এসব মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও শহীদুল হকসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ২৮ সদস্য গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এরমধ্যে ডিআইজি মোল্যা নজরুলকে হেফাজতে নেয়ার তথ্য দিল পুলিশ।
গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে মোল্যা নজরুল সর্বশেষ সিআইডিতে কর্মরত ছিলেন। সরকার বদলের পর পুলিশে বদলি, পদোন্নতি, বাধ্যতামূলক অবসর ও চাকরিচুত্যির সিদ্ধান্তের ধারাবাহিকতায় গত বছরের ৭ অক্টোবর মোল্যা নজরুলকে সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়। এর আগে তিনি গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশসহ (ডিবি) পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন।
২০১৩ সালের এপ্রিলে মোল্যা নজরুল ঢাকা ডিবির উপপুলিশ কমশিনার (ডিসি) থাকার সময় তার বিরুদ্ধে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এক কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করা হলে ওই পদ থেকে তাকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। তবে একই বছরের ১২ নবেম্বর ঘুষ গ্রহণের সম্পৃক্ততা ‘না পাওয়ায়’ নজরুলকে দায়মুক্তি দেয় দুদক।
আরও তিন কর্মকর্তা আটক : শুক্রবার রাতে দেশের বিভিন্ন স্থান থেকে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা আরও তিন পুলিশ কর্মকর্তাকে আটক করেন। আটকের বিষয়টি গতকাল শনিবার রাতে নিশ্চিত করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, তিন পুলিশ সুপারকে আটক করা হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিবি বিষয়টি দেখছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাত এবং নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামান।