তিন দিনের সফরে কুয়েত গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল রোববার সেনাপ্রধানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল মধ্যপ্রাচ্যের দেশটিতে যান বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
এতে বলা হয়, সফরকালে সেনাবাহিনী প্রধান কুয়েত সরকারের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। এ সফরের মাধ্যমে কুয়েতে বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগ এবং অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি) নিয়োজিত বাংলাদেশি সদস্যদের মনোবল বৃদ্ধিসহ দেশটির সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আইএসপিআর আশা করছে।
বিমান বাহিনী প্রধানের দেশে প্রত্যাবর্তন
বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর শেষে গতকাল রোববার দেশে প্রত্যাবর্তন করেছেন। বিমান বাহিনী প্রধান কমান্ডার, রয়েল সৌদি এয়ারফোর্স এর আমন্ত্রণে গত ৯-১৩ ফেব্রুয়ারি সৌদি আরব সফর করেন। সফরকালে বিমান বাহিনী প্রধান রয়েল সৌদি এয়ারফোর্স-এর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং রয়েল সৌদি এয়ারফোর্সের কমান্ডার এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। এছাড়াও, সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের আমন্ত্রণে ১৪-১৫ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর করেন। সংযুক্ত আরব আমিরাত সফরকালে বিমান বাহিনী প্রধান অরৎ ঝঃধভভ ঞধষশ ধহফ ঊীপযধহমরহম ঞৎধরহরহম ধহফ ঊীবৎপরংব ও সংযুক্ত আরব আমিরাত বিমান বাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং সংযুক্ত আরব আমিরাত বিমান বাহিনীর কমান্ডার-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।
বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।
বিমান বাহিনী প্রধান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে গত ৮ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করেন।