ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলের বর্বরোচিত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ডাক দিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্ম।

ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সংহতি জানাতে শনিবার উত্তাল হয়ে উঠেছে ঢাকার রাজপথ। মার্চ ফর গাজার কর্মসূচি ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান হয়ে উঠেছে অনেকটা মহামুক্তির মঞ্চ। যেখানে ফিলিস্তিনের পতাকা শুধু এক টুকরো কাপড় নয়-এটা হয়ে উঠেছে প্রতিবাদের এক শক্তিশালী ভাষা।

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে লাখ লাখ মানুষ আসছেন বাংলাদেশের এই ঐতিহাসিক স্থানটিতে। এই কর্মসূচিকে ঘিরে শাহবাগ, টিএসসি, নিউমার্কেটসহ আশপাশের এলাকায় বেড়েছে ফিলিস্তিনের পতাকা ও টিশার্ট বিক্রির হিড়িক। বিক্রেতারা জানাচ্ছেন, পতাকা বিক্রির এমন হিড়িক আগে কখনো দেখেননি তারা।

সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মার্চ ফর গাজায় অংশ নিতে ছুটে আসছেন মানুষ। তাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে সঙ্গে নিচ্ছেন ফিলিস্তিনের পতাকা। কেউ কিনছেন কপালে লাগানোর ছোট পতাকা, কেউ মাঝারি সাইজের পতাকা, আবার কেউ কিনছে বড় পতাকা। যার যার পছন্দ অনুযায়ী ফিলিস্তিনের পতাকা নিচ্ছেন সর্বস্তরের মানুষ। জানাচ্ছেন গাজাবাসীর প্রতি সংহতি।

জানা গেছে, মার্চ ফর গাজা উপলক্ষে ন্যায্যমূল্যে রাজধানীর বিভিন্ন মোড়ে বিক্রি হচ্ছে ফিলিস্তিনের পতাকা। কয়েকগুণ বেড়েছে বিক্রির সংখ্যা। ১০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি হয়েছে পতাকা।

গুলিস্তান এলাকায় ভ্রাম্যমাণ দোকানি তসলিম দৈনিক সংগ্রামকে বলেন, প্রচুর পতাকা বিক্রি হচ্ছে। জীবনে আগে কখনো এমন পতাকা বিক্রি করতে দেখিনি। মানুষ যেন কিনতে পারে সেজন্য ন্যায্যমূল্যে পতাকা বিক্রি করছি।

আরেক হকার আজাদুল পারভেজ বলেন, ছোট পতাকা বিক্রি করছি ১০ টাকায়। আর কপালে লাগানোর পতাকা ২০ টাকা দামে, মাঝারি সাইজের পতাকা ৫০ টাকা আর বড় পতাকা ১৫০ টাকা বিক্রি করছি। আর প্যাকেজে ৩টি ৬০ দামে পতাকা বিক্রি করছি ৫০টাকায়, ছাড় দেয়া হচ্ছে ১০ টাকা।

শনিবার সকাল থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের স্রোত দেখা গেছে । সকাল থেকেই আসে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মাথায় কালেমা সম্বলিত ফিতা, হাতে ফিলিস্তিনের পতাকা নিয়ে শত শত মানুষ এসেছেন সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে।

গাজায় চলমান ইসরাইলী হামলার প্রতিবাদে ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা জানাতে ফিলিস্তিনের পতাকা হাতে এসেছেন লাখো প্রতিবাদী মানুষ। কয়েকদিন ধরেই রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল, মানববন্ধন, প্রতিবাদ কর্মসূচিতে এখন নিয়মিত দেখা যাচ্ছে কালো, সাদা, সবুজ ও লাল রঙের পতাকাটি। তবে এই আবেগের সুযোগ নিচ্ছেন ফুটপাতের হকাররা।

চাহিদা বাড়ায় তারা বাড়িয়ে দিয়েছেন পতাকার দাম। দ্বিগুণ এমনকি কেউ কেউ তিনগুণ দামেও একটি পতাকা বিক্রি করেছেন। পথে পথে বিক্রি হচ্ছে ফিলিস্তিনের পতাকা আঁকা টিশার্ট, ফিলিস্তিনের পতাকা, ফিতা ও ব্যাচ। রাজু ভাস্কর্যের পাশে কয়েকটি দোকান দেখা গেছে। সেখানে আগ্রহ নিয়ে ক্রেতারা কিনেছেন ফিলিস্তিনের পতাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলেও ফিলিস্তিনের পতাকা দেখা গেছে।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, মাস্টারদা সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্দীন হল, হাজী মুহম্মদ মুহসীন হল, বিজয় একাত্তর হল, অমর একুশে হলসহ বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ১৩টি হলেই ফিলিস্তিনের পতাকা উড়ছে। হলগুলো ছাড়াও বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ বিভিন্ন অনুষদ ও গুরুত্বপূর্ণ ভবনে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা।