ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনাকবলিত একটি ডিমবাহী পিকআপ ভ্যান উদ্ধারের সময় যাত্রীবাহী বাসের চাপায় ৫ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ভাঙ্গার আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, একটি ডিমবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ছড়িয়ে-ছিটিয়ে থাকা ডিম ও মালামাল সরিয়ে নিতে এবং ট্রাকটি উদ্ধারে সহযোগিতা করছিলেন। এ সময় ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশও ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধারকাজ পরিচালনা করছিল।
এমন সময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে উল্টে থাকা ট্রাক এবং উদ্ধারকাজে নিয়োজিত লোকজনকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা সবাই ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এলাকার বাসিন্দা। তারা হলেন: আরিফ মাতুব্বর (২৫), ওবায়দুল সেক (৪০), জয়নাল মিয়া (২৪), নুরুননবী সেক (১২) ও হাফিজুর (৫০)।
দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে এবং ঘাতক বাসটিসহ অন্তত ৪টি যানবাহনে আগুন ধরিয়ে দেয়।
গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানা ও জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।